শেষ হলো ডিজিটাল আইসিটি মেলা

১৫ অক্টোবর, ২০১৯ ১৪:৫৪  
পাঁচদিনের জমজমাট বিকি-কিনির মধ্য দিয়ে সোমবার (১৪ অক্টোবর) শেষ হলো ডিজিটাল আইসিটি ফেয়ার। সন্ধ্যা সাড়ে সাতটায় মেলার সমাপ্তি ঘোষণা করা হয়। শেষ দিনেও জমজমাট ছিল রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারের এই মেলা। দশমবারের মতো আয়োজিত ডিজিটাল আইসিটি ফেয়ারে এবারের স্লোগান ছিলো- গো ডিজিটালি মেক ইয়োর লাইফ হ্যাসল ফ্রি। মেলা নিয়ে কম্পিউটার সিটি সেন্টারের সভাপতি ও মেলার আহ্বায়ক তৌফিক এহেসান বলেন, ‘বিনোদন, যোগাযোগ কিংবা দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজে বেড়েই চলেছে প্রযুক্তির ব্যবহার। চাহিদা বাড়ায় বিশ্বব্যাপী সৃষ্টি হয়েছে প্রযুক্তিপণ্যের বিশাল বাজার। এতে যুক্ত হচ্ছে বাংলাদেশও। মেলার মাধ্যমে আমরা দর্শনার্থীদের সামনে হালনাগাদ প্রযুক্তির পসরা তুলে ধরেছি। টাচ অ্যান্ড ফিল অভিজ্ঞতা নেয়ার সুযোগ করে দিয়েছি। প্রযুক্তি পণ্য বিষয়ে আগ্রহী করতে ছাড় ও উপহার দেয়া হয়েছে। ’ গত ১০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় কম্পিউটার সিটি সেন্টারে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। পাঁচ দিনের এই মেলায় অংশগ্রহণ করে কম্পিউটার বাজারটির ৭৪৬টি প্রতিষ্ঠান।